Homeএই মুহুর্তেশুধু প্রথম শ্রেণিতে স্কুলে ভর্তিতে লটারি, বাকিদের পরীক্ষা

শুধু প্রথম শ্রেণিতে স্কুলে ভর্তিতে লটারি, বাকিদের পরীক্ষা

প্রাইম ভিশন ডেস্ক »

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে ভর্তি হতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এ ছাড়া ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। বাকি ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থী ভর্তির নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করেছে।

নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করতে হবে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে। নবম শ্রেণিতে ভর্তির জন্য অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান হবে ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। এ পরীক্ষার সময় দুই ঘণ্টা।

প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। সে হিসাবে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বয়স প্রমাণের জন্য আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়া যাবে।

নীতিমালায় প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক পরীক্ষার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে। সেই অনুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে সন্তানদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে প্রতি শ্রেণির শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। বদলির আদেশের তারিখ থেকে ১২ মাসের মধ্যে আবেদন করতে হবে। মহানগরী, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরের মধ্যে বদলির ক্ষেত্রে নতুন কর্মস্থল আগের কর্মস্থল থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে হলে সন্তান নতুন কর্মস্থলের নিকটবর্তী সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

নীতিমালায় ভর্তি ফরমের মূল্য ও ভর্তি ফি নির্ধারণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। অনলাইনে প্রথম শ্রেণির ভর্তি আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ভর্তি ফি ও অন্যান্য চার্জের সীমা মেনে চলতে হবে। সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

ভর্তি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি ও পরিবীক্ষণ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব কমিটি ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ, অনিয়ম প্রতিরোধ এবং উদ্ভূত সমস্যার সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। তবে নীতিমালা অমান্য করে কোনো অবস্থাতেই নির্ধারিত শূন্য আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়