Homeএই মুহুর্তেসীতাকুণ্ডে পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের উদ্যোগ, মীর গ্রুপকে ১১ লাখ টাকা জরিমানা

সীতাকুণ্ডে পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের উদ্যোগ, মীর গ্রুপকে ১১ লাখ টাকা জরিমানা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রয়োজনীয় অনুমতি ও পরিবেশগত ছাড়পত্র (সাইট ক্লিয়ারেন্স) ছাড়াই পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়ায় মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সরেজমিন পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন এ জরিমানার আদেশ দেন। সোমবার (৯ নভেম্বর) শুনানি অনুষ্ঠিত হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রাথমিক পরিদর্শনে কয়েক দিন ধরে পাহাড় কেটে প্রায় ১ হাজার ৭৫০ ঘনফুট মাটি সরানোর তথ্য পাওয়া যায়।

এর আগে গত ১৯ অক্টোবর সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের খিল্লাপাড়া এলাকায় রিসোর্ট নির্মাণের জন্য পাহাড় কাটার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর মীর গ্রুপের প্রতিনিধিদের তলব করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

পরিবেশ অধিদপ্তরের আদেশে বলা হয়, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই পাহাড় কেটে পরিবেশের ক্ষতিসাধন করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি পরিবেশগত ছাড়পত্র ছাড়াই রিসোর্ট নির্মাণের কাজ চলছিল, যা পরিবেশ আইন লঙ্ঘনের শামিল।

শুনানিতে উপস্থিত থাকা মীর গ্রুপের হেড অব ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মো. মোখতার হোসেন টিটু টিবিএসকে বলেন, ‘আমি কোম্পানির পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলাম। তবে শুনানিতে আমার বক্তব্য দেওয়ার কিছু ছিল না। প্রতিষ্ঠানের আইনজীবীরা সেখানে কথা বলেছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।’

এ বিষয়ে মীর গ্রুপের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী আনোয়ার হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া মীর গ্রুপের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

পাহাড় কাটার ঘটনায় মীর গ্রুপের বিরুদ্ধে এটি দ্বিতীয়বারের মতো জরিমানার ঘটনা। এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির মালিকানাধীন ইটভাটা মীর ব্রিকস ইন্ডাস্ট্রিজকে পাহাড় কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত একজনকে তিন দিনের কারাদণ্ডও দেন।

জরিমানার আদেশে বলা হয়েছে, নির্ধারিত অর্থের ২৫ শতাংশ জমা দিয়ে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে প্রতিষ্ঠানটি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়