Homeএই মুহুর্তেশিক্ষার্থীদের নিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্লাব’ গঠন করা হবে: প্রশাসক ডা. শাহাদাত...

শিক্ষার্থীদের নিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্লাব’ গঠন করা হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

 

৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ, ৪০টি ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা; মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামো উন্নয়নের আশ্বাস

শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্লাব’ গঠন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ উদ্যোগের আওতায় ষষ্ঠ শ্রেণি থেকে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানো এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত সেই গাছের পরিচর্যার দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ এবং ৪০টি ফুটসাল মাঠ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, চট্টগ্রামের ঐতিহাসিক নিউমার্কেট এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ নগরীর অন্যতম পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান। সত্তর ও আশির দশকে চট্টগ্রাম নিউমার্কেট দেশের অন্যতম জনপ্রিয় বিপণিবিতান হিসেবে পরিচিত ছিল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে কেনাকাটা করতে আসতেন। এমন ঐতিহ্যবাহী এলাকার এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন, পেছনের ভবনটির অবস্থা বিবেচনায় স্থপতি ও প্রকৌশলীদের মাধ্যমে একটি পরিকল্পনা তৈরি করে তাঁর কাছে উপস্থাপন করতে হবে। প্রয়োজন অনুযায়ী পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গত বছরের তুলনায় পাসের হার কমে থাকলে তা কাটিয়ে উঠে ভবিষ্যতে ৯৮ থেকে ৯৯ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পুরস্কার পাওয়া যেমন আনন্দের, তেমনি পুরস্কার না পেলেও হতাশ হওয়ার কিছু নেই। জীবনে হার-জিত থাকবেই, তবুও সবাইকে এগিয়ে যেতে হবে। প্রতিযোগিতা হতে হবে সুস্থ ও সুন্দর। কোনো ধরনের সংঘাত নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ইতিবাচক মনোভাব নিয়ে নিজেদের যোগ্য করে তুলতে হবে।

নগরীতে খেলাধুলার পরিবেশ তৈরির পরিকল্পনা তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার অঙ্গীকার অনুযায়ী ইতোমধ্যে ১১টি মাঠ প্রস্তুত করা হয়েছে। আগ্রাবাদের জাম্বুরি মাঠ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে আগ্রাবাদ পার্কের ভেতরে অনেকটা আড়ালে থাকা মাঠ ও পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলা হবে। এর পাশাপাশি ৪০টি ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, সুস্থ দেহে সুন্দর মন বাস করে। নিয়মিত হাঁটাহাঁটি, খেলাধুলা ও শরীরচর্চা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যায়ামের ফলে শরীরে ইতিবাচক হরমোন নিঃসৃত হয়, যা মন ভালো রাখতে এবং কর্মক্ষমতা ও মনোযোগ বাড়াতে সহায়তা করে। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় অভ্যস্ত হতে হবে।

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, সকালের নির্মল পরিবেশে পড়াশোনা করলে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। প্রতিদিন সকালে অন্তত এক ঘণ্টা মনোযোগ দিয়ে পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা থাকলে শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করা সম্ভব।

নাগরিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজের অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। স্কুল চলাকালীন সকাল থেকে বিকেল ৫টা-৬টা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের ফুটপাত হকারমুক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ উদ্যোগে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোথাও ফুটপাত দখল হতে দেখলে শিক্ষার্থীদেরও সচেতনভাবে প্রতিবাদ করতে হবে।

তিনি আরও বলেন, একটি ডাবের খোসা বা সামান্য বর্জ্য যত্রতত্র ফেলে রাখাও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ডাবের খোসায় বৃষ্টির পানি জমে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। একইভাবে কলার খোসা রাস্তায় পড়ে থাকলে কেউ পিছলে পড়ে গুরুতর দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। কোনো অনিয়ম বা জনদুর্ভোগ দেখেও নীরব থাকা যাবে না। এই দায়িত্ববোধ প্রতিটি নাগরিকের মধ্যে তৈরি করতে হবে।

পলিথিন, প্লাস্টিক ও ককশিটের মতো অপচনশীল বর্জ্য জলাবদ্ধতা ও পরিবেশদূষণের অন্যতম কারণ উল্লেখ করে প্রশাসক বলেন, এসব বর্জ্য নালা-নর্দমায় জমে পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে। পরে নালা থেকে খাল এবং খাল হয়ে এসব বর্জ্য কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে। এতে আমাদের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কর্ণফুলী নদী দূষিত হচ্ছে। এমনকি নদীতে পলিথিন ও বর্জ্য জমে ড্রেজিং কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। তাই যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে সবাইকে সচেতন হতে হবে।

পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ লাগিয়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সেটির পরিচর্যা করবে। শিক্ষার্থী নিজেই হবে তার লাগানো গাছের দায়িত্বশীল অভিভাবক। প্রয়োজনে গাছের পাশে তার নাম সংযুক্ত থাকবে। এতে গাছের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও মালিকানার অনুভূতি তৈরি হবে। একটি শ্রেণিতে ২১৭ জন শিক্ষার্থী থাকলে তাদের প্রত্যেকের একটি করে গাছ লাগানোর মাধ্যমে ২১৭টি গাছের নতুন বাগান তৈরি করা সম্ভব। এভাবেই শিক্ষার্থীদের অংশগ্রহণে নগরজুড়ে সবুজায়নের সামাজিক আন্দোলন গড়ে উঠবে। এ বিষয়ে চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হবে।

ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সব ধর্মই মানুষকে ভালো কাজের শিক্ষা দেয়, অন্যায় থেকে বিরত থাকতে বলে এবং শান্তির কথা বলে। আমাদের প্রত্যেকের মধ্যে এই নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের মানবিক, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়