Homeএই মুহুর্তেডিগ্রি নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : চট্টগ্রাম ডিসি

ডিগ্রি নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : চট্টগ্রাম ডিসি

প্রাইম ভিশন ডেস্ক »

শুধু বড় বড় ডিগ্রি অর্জন করলেই হবে না, সেই শিক্ষা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদের ভালোবাসতে হবে। সমাজে নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে না পারলে সেই ডিগ্রির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন, এমন শিক্ষায় শিক্ষিত হতে হবে, যে শিক্ষা মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়, দেশপ্রেম জাগ্রত করে এবং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে। শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠাই শিক্ষার মূল উদ্দেশ্য। অর্জিত জ্ঞান ও দক্ষতা মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘মেধা পাচার রোধে শিক্ষাব্যবস্থার সংস্কারের চেয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো অধিক ফলপ্রসূ’। চূড়ান্ত পর্বে দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয় বিজয়ী এবং আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ রানারআপ হয়।

শিক্ষার্থীদের যুক্তি ও উপস্থাপনার প্রশংসা করে জাহিদুল ইসলাম বলেন, উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন উচ্চমানের বিতর্ক তাঁকে অভিভূত করেছে। তাদের আত্মবিশ্বাস ও বিশ্লেষণী দক্ষতা প্রমাণ করে, বাংলাদেশের তরুণদের বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা তুলে ধরার সক্ষমতা রয়েছে।

তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ মেধাবী তরুণ প্রজন্ম। তাদের নিয়ে যত বেশি কাজ করা হবে এবং সৃজনশীল আয়োজন করা হবে, দেশ ও সমাজ তত বেশি উপকৃত হবে।

শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই নিজেদের জ্ঞান ও দক্ষতাও নিয়মিত উন্নত করতে হবে। বইয়ের বাইরেও সারা বিশ্ব সম্পর্কে জানতে হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের যোগ্যভাবে উপস্থাপনের সক্ষমতা অর্জন করতে হবে।

তরুণদের সফলতার জন্য আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও দৃঢ়সংকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, আত্মবিশ্বাস মানে শুধু নিজেকে উপস্থাপন করা নয়, বরং চ্যালেঞ্জ মোকাবিলার সাহস অর্জন করা। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কঠোর পরিশ্রম করলে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানো সম্ভব।

এ সময় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ড্রোন গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি বলেন, দেশের তরুণেরা প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার পরিচয় দিচ্ছেন।

শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, শিক্ষকেরা নিজেদের আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে পারলে শিক্ষার্থীরাও সঠিক পথে পরিচালিত হবে। তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিতর্ক প্রতিযোগিতায় জয়-পরাজয়ের চেয়ে অর্জিত অভিজ্ঞতা বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, পরাজয় থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তন করতে হবে। দেশের সব উপজেলায় এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান তিনি।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই দিন উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক। এ সময় নাগরিক সেবা প্রদানে গাফিলতি না করা এবং নির্ধারিত সময়ে দাপ্তরিক কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে নামজারি ও ভূমিসেবা প্রদানে বিলম্ব হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন। নাগরিক ভোগান্তি কমাতে নিয়মিত বিবিধ মামলার শুনানি গ্রহণের নির্দেশ দেন তিনি। এ ছাড়া চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে একটি পাঠাগারের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়