Homeসংবাদজাতীয়শেখ হাসিনা পরিবারের ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ

শেখ হাসিনা পরিবারের ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ

প্রাইম ভিশন ডেস্ক »

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির বিভিন্ন মামলায় তাদের বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদনও করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

তিনি জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা করেছে দুদক। এর মধ্যে সাতটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে।

দুদক সূত্র জানায়, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে অবৈধভাবে সরকারি প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট করে ৩০০ মিলিয়ন ডলার পাচার এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন ঘিরে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ উঠে এসেছে।

এ ছাড়া আটটি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অনুসন্ধান করছে দুদক।

সংবাদ সম্মেলনে দুদক সচিব জানান, সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে নতুন করে বেশ কিছু সম্পদের সন্ধান পেয়েছে সংস্থাটি। এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সাইদুর রহমান খান বলেন, সম্পদের পরিমাণের চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে অভিযোগ প্রমাণ এবং শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিচারের আওতায় আনাই দুদকের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, মামলাগুলোর আসামিদের বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়