প্রাইম ভিশন ডেস্ক »
বিএনপির সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিল থেকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবনে আগুন দেওয়া হয়।
মঙ্গলবার রাতে নগরীর মুনসেফবাড়ি এলাকায় বাহারের তিনতলা বাসভবনে আগুন দেন বিক্ষোভকারীরা। একই সময়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও আগুন দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েকজন যুবক বাইরে থেকে কাগজ দিয়ে আগুন ধরিয়ে দেন। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি।
এদিকে, একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের অনুসারী দুই যুবক জড়িত বলে দাবি করা হলেও ঘটনাস্থল ও ঘটনার বিস্তারিত নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের দাবি করা হলেও মহাসড়কের কোন স্থানে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।


