প্রাইম ভিশন ডেস্ক »
৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় জেলার মালেকের বাড়ি এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। গাড়িটি মেট্রোপলিটন পুলিশের বলে নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন।
শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। অন্যদিকে, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলেও উত্তেজনা বিরাজ করছে। এরইমধ্যে এসব এলাকায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও হারিকেন এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনচালকেরা।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘ভোগড়া, গাছাসহ বিভিন্ন এলাকায় থেমে থেমে লোকজন জড়ো হচ্ছে। আমরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করছি। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোথাও যান চলাচল পুরোপুরি বন্ধ নেই। তবে যানবাহন ধীরগতিতে চলছে।’
এদিকে, শ্রমিক অসন্তোষের কারণে আজ গাজীপুর মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া মঙ্গলবার পর্যন্ত ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। সব মিলিয়ে শিল্পাঞ্চলের ৪৯টি কারখানায় বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বেশ কিছুদিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় শ্রমিক বিক্ষোভ হয়।
বুধবার সকালে ছয়দানা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা আবারও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
অন্যদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করলেও তারা মহাসড়কে অবস্থান নেননি।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।
পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন আরও জানান, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। শ্রমিক অসন্তোষের জেরে আজ সকালে ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং গতকাল পর্যন্ত ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।’
সাভার-আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, সড়ক অবরোধের চেষ্টা
এদিকে, আজও শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শ্রমিকদের কর্মবিরতির মুখে আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত অন্তত ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা নিজ নিজ কারখানায় প্রবেশ করলেও কয়েকটি কারখানায় কর্মবিরতি শুরু হয়। পরে সার্বিক নিরাপত্তা বিবেচনায় বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে, ছুটি ঘোষণার পর আশুলিয়ার খেজুরবাগান ও সাভারের হেমায়েতপুর এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।
হেমায়েতপুর এলাকায় প্রথম দফায় শ্রমিকদের বুঝিয়ে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে আবারও জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় মাইকিং করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকেরা সরে না গেলে বল প্রয়োগ করা হতে পারে। এরপর তারা ধীরে ধীরে সড়ক ছেড়ে চলে যান।
আশুলিয়া শিল্পাঞ্চলে দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীরা জানান, সকালে আশুলিয়া জোনের সাতটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেন। এর পরিপ্রেক্ষিতে জামগড়া থেকে নিশ্চিন্তপুর এলাকা পর্যন্ত অন্তত ২০টি কারখানায় নিরাপত্তার কথা বিবেচনা করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এ ছাড়া আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হামীম গ্রুপের একটি কারখানার এক নারী শ্রমিক জানান, তাদের কারখানায়ও শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। আশপাশের আরও কয়েকটি পোশাক কারখানায় ইতোমধ্যে ছুটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড ট্রাফিক) জাহাঙ্গীর আলম বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। তবে শ্রমিকদের কাজে যোগ না দেওয়াসহ বিভিন্ন কারণে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, হেমায়েতপুর ও আশুলিয়ার চারাবাগ এলাকায় শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করলেও তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সকাল ১০টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সম্ভাব্য উত্তেজনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


