Homeএই মুহুর্তেনগর উন্নয়নে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: প্রশাসক ডা. শাহাদাত

নগর উন্নয়নে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: প্রশাসক ডা. শাহাদাত

কর্ণফুলী, সোনালী ও বসুন্ধরা আবাসিক এলাকায় তিনটি সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধন

চট্টগ্রাম নগরীর সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মাননীয় প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ নগর গড়ে তোলা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়। এ জন্য নগরবাসীকে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকা, নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে নাগরিক দায়িত্ব পালন করতে হবে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কর্ণফুলী আবাসিক এলাকায় সড়ক, ড্রেন ও বিদ্যুৎ ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কর্ণফুলী আবাসিক এলাকার পাশাপাশি সোনালী আবাসিক এলাকার সড়কসমূহ এবং বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর লেইনের ড্রেনসহ উন্নয়নকাজেরও শুভ উদ্বোধন করেন। তিনটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাটির যোগাযোগ ও নাগরিক সুবিধা সম্প্রসারণে নতুন উদ্যোগের সূচনা হয়।

প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, কর্ণফুলী আবাসিক এলাকায় সড়কের উভয় পাশের ড্রেন সংস্কার, ড্রেনের স্ল্যাব নির্মাণ, সড়ক উন্নয়ন, ম্যাকাডম ও বিটুমিনাস কার্পেটিং, রোড মার্কিং এবং ক্যাটস আই স্থাপনসহ বিভিন্ন উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২ হাজার ৮৩৮ ফুট সড়কে এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, ২৪ নম্বর ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন এলাকায় সড়ক ও ড্রেন উন্নয়নের কাজ চলমান রয়েছে। বসুন্ধরা, নিরিবিলি, আপন, সবুজবাগ, মনসুরাবাদ, রঙ্গিপাড়া, আনন্দপুর ও আগ্রাবাদ হাউজিং সোসাইটিসহ বিভিন্ন আবাসিক এলাকার সড়ক ও ড্রেন উন্নয়নে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া শেখ মুজিব রোডের দুই পাশে সড়ক ও ফুটপাত নির্মাণ এবং বিভিন্ন এলাকায় বক্স ড্রেন নির্মাণের কাজও চলমান রয়েছে।

উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, কোনো ঠিকাদার নিম্নমানের কাজ করার চেষ্টা করলে এলাকাবাসীকে তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশনকে জানাতে হবে। উন্নয়নকাজের সঠিক বাস্তবায়ন ও মান বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদেরও তদারকিতে অংশ নিতে হবে।

নাগরিক সেবা সহজীকরণে ‘চট্টগ্রাম অ্যাপস’ ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, নগরবাসী এই অ্যাপের মাধ্যমে রাস্তার খানাখন্দ, নষ্ট সড়কবাতি, ড্রেনের স্ল্যাব না থাকা, জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনাসহ বিভিন্ন সমস্যার ছবি তুলে অভিযোগ জানাতে পারবেন। গত চার মাসে অ্যাপের মাধ্যমে প্রায় ৭ হাজার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ৪ হাজার ৫০০টি অভিযোগ ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। নাগরিকদের এই ডিজিটাল সেবা গ্রহণের মাধ্যমে নগর উন্নয়নে সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নগরীর রাস্তা, ফুটপাত ও ড্রেন জনগণের সম্পদ। এসব সম্পদ রক্ষার দায়িত্বও সবার। মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায়ের প্রতিবাদ করা এবং ভালো কাজে মানুষকে উৎসাহিত করাও দায়িত্বশীল নাগরিকের কর্তব্য।

খেলার মাঠ প্রসঙ্গে প্রশাসক বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন। ইতোমধ্যে ১১টি খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে। কর্ণফুলী আবাসিক এলাকায় উপযুক্ত জায়গা চিহ্নিত করে প্রস্তাব দেওয়া হলে প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে সেখানে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, প্রশাসকের নির্দেশনায় নগরীর উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সড়ক সমস্যার সমাধানে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। অতীতে এ এলাকার অনেক সড়ক বছরের কয়েক মাস পানির নিচে থাকত। বিভিন্ন সংস্থার খননকাজের কারণে সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে এসব সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, প্রশাসকের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়ন, আধুনিক আলোকায়ন ও খেলার মাঠ নির্মাণের কাজ বাস্তবায়িত হচ্ছে। কর্ণফুলী আবাসিক এলাকার বাসিন্দাদের নিজস্ব উদ্যোগে বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, চসিকের প্রকৌশল বিভাগের কর্মকর্তা, আবাসিক এলাকার বাসিন্দা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়