Homeএই মুহুর্তেইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ২৪, এখনো নিখোঁজ ৩০

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ২৪, এখনো নিখোঁজ ৩০

প্রাইম ভিশন ডেস্ক »

ইন্দোনেশিয়ায় মিষ্টান্ন তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে সোমবারও উদ্ধার অভিযান অব্যাহত ছিল। তবে পুড়ে যাওয়া কারখানার ভবনটির কাঠামো দুর্বল হয়ে পড়ায় এবং ধ্বংসস্তূপের বিভিন্ন স্থানে আগুনের তাপ ও উত্তপ্ত অংশ থাকায় উদ্ধারকর্মীদের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় দেশটির বান্তেন প্রদেশের চিকান্দে এলাকায় অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া মিষ্টান্ন তৈরির কারখানার একটি ভবনে আগুন লাগে। রাজধানী জাকার্তা থেকে গাড়িতে প্রায় এক ঘণ্টার দূরত্বে কারখানাটির অবস্থান। আজ সোমবার অগ্নিকাণ্ডে ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। তবে আগুন লাগার কারণ এখনো তদন্তাধীন।

শ্রমবিষয়ক প্রেসিডেন্টের উপদেষ্টা সাঈদ ইকবাল সাংবাদিকদের জানান, এ ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। কারখানায় নিরাপত্তাবিধি যথাযথভাবে বাস্তবায়ন করা হয়েছিল কি না, তা মূল্যায়ন করা হচ্ছে। এ বিষয়ে কারখানাটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে তলব করা হবে বলেও জানান তিনি। সাঈদ ইকবাল বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এয়ার কন্ডিশনার) বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

কারখানাটির মালিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্যামিলি ফুড। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তাদের মোট কর্মীর সংখ্যা প্রায় ৫ হাজার। ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ বাজারে ভোগ্যপণ্য সরবরাহকারী বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি অন্যতম। বিদেশেও প্রতিষ্ঠানটির চারটি কার্যালয় রয়েছে। তাদের পণ্যের মধ্যে জনপ্রিয় মিষ্টান্ন ব্র্যান্ড ‘মিলকিতা’ এবং ইনস্ট্যান্ট নুডলস ব্র্যান্ড ‘লেমনিলো’ রয়েছে। কারখানাটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া জানিয়েছেন, শনিবারের শিফটে কারখানা কমপ্লেক্সে প্রায় ৩০০ জন কর্মী উপস্থিত ছিলেন।

indonesia
ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে ৩ জনের প্রাণহানি, এখনো নিখোঁজ ৩৬
বান্তেন প্রদেশের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আল আমরাদ জানান, সোমবারও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হয়েছে। তবে আগুনের অবশিষ্ট উত্তপ্ত স্থানগুলো এবং ভবনটির ক্রমশ নড়বড়ে হয়ে পড়া কাঠামো উদ্ধারকর্মীদের জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।

তিনি বলেন, এ পর্যন্ত ২৯ জনকে নিরাপদ অবস্থায় পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত শরীরের বিভিন্ন অংশসহ ২৪টি মরদেহের ব্যাগ উদ্ধার করেছেন। তবে ঘটনাস্থলে থাকা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

পুলিশ কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের তীব্রতার কারণে উদ্ধার করা মরদেহগুলো শুধু দৃশ্যমান বৈশিষ্ট্য দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ কারণে নিহতদের পরিচয় নিশ্চিত করতে তাদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচয় শনাক্তের এ প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের পাশাপাশি কারখানাটিতে নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়