প্রাইম ভিশন ডেস্ক »
৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা রইল না।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার এ আদেশ দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। রিটকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল কাইয়ুম লিটন।
ইউএনবির প্রতিবেদন অনুসারে, আপিল বিভাগের এ আদেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগের ঘোষিত সূচি অনুযায়ীই নিতে পারবে।
এর আগে গত ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দেন। পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকার কথা ছিল।
একইসঙ্গে ফল প্রকাশের আগেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সূচি ঘোষণা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট একটি রুলও জারি করেন।
রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা এর আগে আগে জানিয়েছিলেন, এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।
এসব আবেদনের ফল ২৩ ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
পুনর্মূল্যায়নের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছিলেন।
এদিকে আগামী ৫ ডিসেম্বর ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।


