প্রাইম ভিশন ডেস্ক »
দেশের স্কুলগুলো আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য সভায় বসতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ সভা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তিতে অতিরিক্ত ফি আদায় করে থাকে। এটি বন্ধে কঠোর নির্দেশনা জারি করা হতে পারে। পাশাপাশি পুনঃভর্তি ফি নেওয়া বন্ধ করা যায় কিনা সে বিষয়েও আলোচনা করা হতে পারে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বেলা ১২টায় সভা শুরু হওয়ার কথা রয়েছে। সভা শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো যাবে।
সারা দেশের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে এতে।
রোববার (২২ নভেম্বর) মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে সকল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপপরিচালককে দেওয়া চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এসব সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্দেশিকায় বলা হয়, ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ১ম শ্রেণিতে ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া আগামী ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।


