প্রাইম ভিশন ডেস্ক »
গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন।
আজ (শুক্রবার) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা পিত্ত নালীর স্টেনোসিস চিকিৎসার জন্য ইআরসিপি করার পর বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছিল। এমনকি এর ফলশ্রুতিতে তাকে ইলেকটিভ ভেন্টিলেশনে রাখা হচ্ছে এবং ডায়ালাইসিস করা হচ্ছে। তবে আশার কথা উনি গত দুইদিন কিছুটা ভালো আছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার ইউরিন আউটপুট শুরু হয়েছে। এছাড়া উনার সিটি রিপোর্টও ভালো এসেছে৷
সেব্রিনা ফ্লোরার লাইফ সাপোর্টে থাকার খবর গত ২১ আগস্ট দেশের গণমাধ্যমে আসে। এরপর গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়ানো হয়।


