প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামে সরকারি ব্যবস্থাপনায় আবারও করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে। গতকাল রবিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এ কার্যক্রম চালু হয়। প্রথম দিনেই চমেক ল্যাবে ২৭ বছর বয়সী এক যুবকের শরীরে করোনা শনাক্ত হয়। যাকে পরবর্তীতে চিকিৎসক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
দেশে প্রথম করোনার মহামারি শুরু হওয়ার পর চট্টগ্রামে সরকারি পর্যায়ে কোভিড পরীক্ষার সুবিধা ছিল। কিন্তু তা ধীরে ধীরে উন্নতি হওয়ায় একসময় ল্যাবগুলো বন্ধ হয়ে যায়। তবে গত কয়েকদিন ধরে সারাদেশের মতো চট্টগ্রামেও করোনার সংক্রমণ বাড়তির দিকে। পাশাপাশি বিভিন্ন হাসপাতাল আর রোগনির্ণয় কেন্দ্রে এবং চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে বাড়ছিল সর্দি-জ্বর, শ্বাসকষ্টের রোগীর সংখ্যা। যার কারণে সরকারি পর্যায়ে ফের কোভিড পরীক্ষার কার্যক্রম শুরুর উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ।
ফলে চট্টগ্রামে সরকারি ল্যাবগুলোতে পরীক্ষা কার্যক্রম আবারও শুরু করতে গত ১২ জুন রাতে ঢাকা থেকে নতুন করে কিট পাঠানো হয়। প্রথম পর্যায়ে চমেক হাসপাতাল এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিতরণ করা হয় এসব কিট। যা দিয়ে গতকাল থেকে পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়। কার্যক্রমের শুরুর প্রথদিনে চমেক হাসপাতালে একজনের নমুনা পরীক্ষা করা হয়। আর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পরীক্ষা করা হয় ২ জনের নমুনা।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তাসলিম উদ্দীন জানান, প্রথম দিন পরীক্ষামূলকভাবে এক রোগীর নমুনা পরীক্ষা করা হয়। সেটাই পজিটিভ আসে। তবে এখনই ঢালাও পরীক্ষা নয়। চিকিৎসকের বাছাই করা রোগীদের নমুনা পরীক্ষাই করা হবে। প্রাথমিকভাবে কিছু কিট এসেছে, আরও আসবে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক ডা. মোহাম্মদ একরাম হোসেন বলেন, রবিবার দু’টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দুটি ফলাফলই নেগেটিভ এসেছে। আপাতত চিকিৎসকের পরামর্শ ছাড়া পরীক্ষা করা হচ্ছে না।


