প্রাইম ভিশন ডেস্ক »
টিসিবির ১৫ হাজার ৮২০ লিটার সয়াবিন তেল চট্টগ্রামের ফটিকছড়ির এক সৌদিপ্রবাসীর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদ পাড়া এলাকার সৌদিপ্রবাসী মুহাম্মদ নেজামের বাড়ি থেকে টিসিবির এ পণ্য উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। ফটিকছড়ি থানা–পুলিশ তাঁদের সহযোগিতা করে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের টিসিবি পণ্যের পরিবেশক মুহাম্মদ আরিফ হোসেনের একটি ট্রাক ১৫ হাজার ৮২০ লিটার সয়াবিন তেল নিয়ে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। ঘণ্টাখানেক পর ট্রাকের চালক মুহাম্মদ মিজান (৩০) ফোন বন্ধ করে দেন। চালকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পরিবেশক আরিফ সিদ্ধিরগঞ্জ থানা–পুলিশকে বিষয়টি জানান। এরপর গতকাল শুক্রবার বিকেলে পুলিশ ট্রাকচালক মুহাম্মদ মিজানকে গ্রেপ্তার করে। মিজানের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অভিযানে নামে। এর আগে গত বৃহস্পতিবার পরিবেশক আরিফ হোসেন বাদী হয়ে মামলা করেন। আজ দুপুরে মামলার বাদীকে সঙ্গে নিয়ে পুলিশ ফটিকছড়ির ওই এলাকায় অভিযানে নামে।
আরিফ হোসেন বলেন, গত মঙ্গলবার বিকেলে তাঁর ট্রাকের চালক নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু পার হওয়ার পর ফোন বন্ধ করে দেন। সারা রাত ফোন বন্ধ পেয়ে তাঁরা সন্দেহ হয়। পরে পুলিশ সুপারের মাধ্যমে থানায় মামলা করেন তিনি।
কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়নাল আবেদীন বলেন, ‘আমরা আজ সকালে পুলিশ থেকে ঘটনাটি জেনে পুলিশের সঙ্গে এসে উদ্ধার অভিযানে সহযোগিতা করছি। দোতলা পাকা বাড়িটির ছয়টি কক্ষে খাটের নিচে লুকিয়ে রাখা ছিল এসব তেল। তবে ওই বাড়ির পুরুষ সদস্যরা প্রবাসী হওয়ায় কাউকে পাওয়া যায়নি।’


