প্রাইম ভিশন ডেস্ক »
বিএনপি দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে চাইলে কিংবা কোনো নাশকতা সৃষ্টি করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন তারা। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ১৯৭১ সালে ১০ জানুয়ারি বীরের বেশে বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসার পরই স্বাধীনতার পূর্ণতা পায়। বঙ্গবন্ধু যখন দেশে ফিরে দেশ পূর্ণগঠনে কাজ শুরু করছিলেন, তখনই তাকে হত্যা করা হয়। যারা স্বাধীনতা ও শেখ হাসিনার উন্নয়নকে নিয়ে ষড়যন্ত্র করবে, তাদের রাজপথে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবো।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা অনির্বাচিত সরকার চায়। আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। দেশে কোনো নাশকতা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, বাংলাদেশে কোনো অপশক্তির জায়গা হবে না। বিএনপি হলো সাম্প্রদায়িক অপশক্তি। দেশের জনগণ তাদের সঙ্গে নেই।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-প্রচার সম্পাদক আব্দুল আওয়াল শামীম প্রমুখ


