Homeএই মুহুর্তেচট্টগ্রামে বাণিজ্য মেলা শুরু বৃহস্পতিবার

চট্টগ্রামে বাণিজ্য মেলা শুরু বৃহস্পতিবার

প্রাইম ভিশন ডেস্ক »

দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে মাসব্যাপী ৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় ৪০০টি স্টলে ৩০০ এর বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। চট্টগ্রাম রেলওয়ের পলোগ্রাউন্ডে প্রায় ৪ লাখ ফুট জায়গা নিয়ে মেলার আয়োজন করছে দেশের শতবর্ষী প্রাচীণ বাণিজ্য সংগঠন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

আজ মঙ্গলবার মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চিটাগাং চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ও মেলা কমিটির চেয়ারম্যান এ কে এম আকতার হোসেন।

মাহবুবুল আলম বলেন, ‘২০ লাখ দর্শক ক্রেতা সমাগম হয় মেলায়। আমরা মেলার স্থায়ী ভেন্যুর জন্য জায়গা চেয়ে সরকারের কাছে আবেদন করেছি। স্থায়ী ভেন্যু পেলে মেলা আয়োজনে সুবিধা হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে জ্ঞানভিত্তিক সমাজ, জ্ঞানভিত্তিক ব্যবসায়ী গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করবেন। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠিত গ্রুপ তাদের পণ্য প্রচারে বিভিন্ন প্যাভিলিয়ন সাজিয়ে তাদের পণ্যের প্রদর্শন ও বিক্রয় দর্শনার্থীর জন্য উন্মুক্ত রাখবেন।

‘মেলায় আমরা বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করেছি। এতে বাতিঘরের সহায়তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন বই ও প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে কথা বলেন চিটাগাং চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ও মেলা কমিটির চেয়ারম্যান এ কে এম আকতার হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেলা কমিটির চেয়ারম্যান এ কে এম আকতার হোসেন বলেন, বৃহস্পতিবার মেলা উদ্বোধন করা হবে। মেলায় প্রবেশের জন্য টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

তিনি জানান, মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, ৩টি আলাদা জোন নিয়ে মোট ৪০০টি স্টলে তিনশর বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবারের মেলায় নিজস্ব পণ্য নিয়ে ভারত, থাইল্যান্ড ও ইরান বিভিন্ন স্টলের মাধ্যমে তাদের পণ্য প্রদর্শন করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়