প্রাইম ভিশন ডেস্ক »
রাজধানীর হাতিরঝিলে ‘আত্মহত্যার চেষ্টা’ করতে যাওয়া এক তরুণীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
হাতিরঝিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়েটি হাতিরঝিলে একটি সেতুর ওপর থেকে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে ওই তরুণীকে সেতু থেকে উদ্ধার করে। এরপর তাকে হাতিরঝিল থানায় আনা হয়।
কী কারণে আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণী আত্মহত্যা করতে গেছেন তা জানা যায়নি। তবে পুলিশের ধারণা প্রেমঘটিত বিষয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারেন মেয়েটি।
মেয়েটির পরিবারকে খবর দিয়েছে পুলিশ। পরিবার থানায় আসার পর তাকে হস্তান্তর করা হবে।


