রাজশাহীতে ভারতীয় হাইকমিশনার
প্রাইম ভিশন ডেস্ক »
বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল ও সড়ক উভয় দিক দিয়েই যোগাযোগ বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ সোমবার রাজশাহীতে জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রণয় কুমার ভার্মা বলেন, ‘দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য সহজ করতে আমরা কাজ করছি। এটি ধারাবাহিক একটি প্রক্রিয়া। দুই দেশের মধ্যে যোগাযোগ আরও উন্নত করতে একাধিক প্রকল্প নিয়ে এখন কাজ করা হচ্ছে। উন্নয়ন কর্মসূচি বাড়াতে আমাদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত আছে। আমরা রেল ও সড়ক উভয় দিক দিয়েই যোগাযোগ বাড়াব, যা প্রক্রিয়াধীন।’
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ও ভারতের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, সেই সম্পর্ক সবসময় অব্যাহত থাকবে। এ সময় তিনি শ্রদ্ধাভরে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণ করেন।
এর আগে মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় শহীদ জাতীয় নেতা কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতীয় হাইকমিশনার। তার সঙ্গে ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।


