প্রাইম ভিশন ডেস্ক »
মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে শহরে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘মোখা।’ রোববার দেশটির স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ ঝড়ের প্রভাবে শহরটির বিভিন্ন দালান-ঘর কেঁপে ওঠে। খবর মিয়ানমার নাও-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শক্তিশালী ঝড়ো বাতাসের কারণে রাজ্যের রাজধানী শহরটির বিভিন্ন ভবন কেঁপে কেঁপে উঠছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
দুপুর সাড়ে ১২টায় মিয়ানমারের আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় মোখা ঘণ্টায় ২২০ কিলোমিটার (কিমি) বেগে বাতাসের গতি নিয়ে সিত্তে শহরের দিকে অগ্রসর হচ্ছে।
সংস্থাটি জানায়, ঘূর্ণিঝড়টি বেলা সাড়ে ১১টায় সিত্তের প্রায় ৮০ মাইল দক্ষিণ-পশ্চিমে, মংডুর ৮৫ মাইল দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং রাখাইনের কিয়াকফিউ থেকে ১০০ মাইল পশ্চিমে অবস্থান করছিল।
মিয়ানমার নাও জানায়, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে এদিন দুপুরে সিত্তের একটি মোবাইল অপারেটরের টাওয়ার ভেঙে পড়তে দেখা গেছে। এছাড়া শহরটির বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি এবং গাছপালাও ভেঙে পড়তে দেখা গেছে।


