প্রাইম ভিশন ডেস্ক »
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ – ডিবি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, হিরো আলমের অভিযোগের অপেক্ষা করছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে। তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। ভিডিও ফুটেজ দেখে সাতজনকে গ্রেপ্তার করেছি। আমাদের তদন্ত চলছে।
পুলিশ কর্মকর্তা হারুন বলেন, কিছু নাম পেয়েছি। তাদের বিষয়ে তদন্ত চলছে। গলার মধ্যে ব্যাজ ধারণ করে যারা এ হামলা করেছে তাদের মোটিভ কী ছিল তা আমরা তদন্ত করে দেখছি। এক দলের ব্যাজ ধারণ করা লোক দলগুলো তৃতীয় কোনো পক্ষের ছিল কি না তা আমরা জানার চেষ্টা করছি।


