প্রাইম ভিশন ডেস্ক »
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের আশ্রয় দেওয়া দেশগুলোর প্রতি ক্ষোভ ঝাড়লেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেছেন, যেসব দেশ মানবাধিকারের কথা বলে, তারা আত্মস্বীকৃত খুনিদের আশ্রয় দিয়েছে, এটা লজ্জার। বঙ্গবন্ধু হত্যায় জড়িত ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি নূর হোসেন কানাডায় পালিয়ে আছে। কিন্তু কানাডা বলছে, যেসব দেশে ফাঁসির হুকুম আছে সেখানে তারা আসামিকে পাঠাবে না।
মঙ্গলবার (১ আগস্ট) শোকের মাস আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের স্মরণে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আব্দুল মোমেন বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা যুক্তরাষ্ট্র ও কানাডায় আছে। বাকি তিন জনের সন্ধান পাওয়া যায়নি। মানবিকতার কথা যারা বলে, তাদের সঙ্গে এই খুনিদের আশ্রয় দেওয়া মিলে না। এখনও বঙ্গবন্ধুর খুনি বিভিন্ন দেশে লুকিয়ে আছে। যেসব দেশ মানবাধিকারের কথা বলে, তারা আত্মস্বীকৃত খুনিদের আশ্রয় দিয়েছে, এটা লজ্জার।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র নানাভাবে পাশ কাটিয়ে যায় তাদের দেশে আশ্রয় দেওয়া বঙ্গবন্ধুর খুনিদের ব্যাপারে। যারা আইনের শাসনের কথা বলে, তারাও খুনিদের আশ্রয় দিয়েছে। আইনের দেশেই একটা বেআইনি লোককে আশ্রয় দিয়েছে, যা খুবই দুঃখজনক।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তথ্য ঠিকই দেওয়া হয়েছে। কিন্তু সাড়া দেয় না। কথাও বলে না। সদুত্তর দেয় না। কানাডার সঙ্গে বহু আলাপ হয়েছে। আমরা কীভাবে বিচার করেছি, ওরা জানতে চায়। পথ খোলা আছে, এসে ক্ষমা চাইতে পারে।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার মুহিউদ্দিনকে দেশে পাঠিয়েছিল। রাশেদ চৌধুরী সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের ওখানে মামলার কথা বলে, পাশ কাটিয়ে দেয়। যুক্তরাষ্ট্র আইনের শাসনের কথা বলে, বেআইনিভাবে খুনিদের আশ্রয় দিয়ে রেখেছে। এমনকি অ্যাটর্নি জেনারেলের অফিসের সঙ্গে যোগাযোগও করে দেয় না।’


