প্রাইম ভিশন ডেস্ক »
ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বিষয়ে দেশটির সুপ্রিম কোর্টের রায়কে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘৩৭০ ধারা বাতিলের বিষয়ে আজকের সুপ্রিম কোর্টের রায় ঐতিহাসিক।
এই রায় জম্মু, কাশ্মীর এবং লাদাখে বসবাসরত আমাদের বোন এবং ভাইদের জন্য আশা, অগ্রগতি এবং ঐক্যের একটি শক্তিশালী বার্তা। নিজের গভীর প্রজ্ঞায়, ঐক্যের সারমর্মকে সুদৃঢ় করেছে শীর্ষ আদালত।’
মোদি আরও বলেন, ‘আমি জম্মু, কাশ্মীর এবং লাদাখের সমস্ত সহনশীল জনগণকে আশ্বস্ত করতে চাই, আপনাদের স্বপ্ন পূরণে আমাদের অঙ্গীকার অটুট রয়েছে। ভবিষ্যতে যাতে প্রগতির ফল আপনাদের সমাজের সবচেয়ে দুর্বল এবং প্রান্তিক অংশের কাছে পৌঁছে যায়, আমরা তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। যারা ৩৭০ ধারার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে সব সুবিধা পৌঁছে দেব আমরা।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়, ‘আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিল, তা শুধু আইনি রায় নয়; এটা একটি আশার আলো, একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি এবং একটি শক্তিশালী, অখণ্ড ভারত গড়ার জন্য আমাদের সম্মিলিত সংকল্পের প্রমাণ।’
এদিকে ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পর এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। তিনি এই রায়কে স্বাগত জানান এবং সেটিকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি নরেন্দ্র মোদির ‘দূরদৃষ্টি’র প্রশংসা করেন।


