প্রাইম ভিশন ডেস্ক »
রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগের দু’এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেছেন, ‘এখন আর সারাদেশে বৃষ্টি হচ্ছে না। এলাকার সংখ্যা কমে এসেছে। আজ আকাশ প্রধানত শুষ্ক থাকতে পারে। ফলে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে।’
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে।
আবহাওয়াবিদদের মতে, সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে গতকাল রাঙ্গামাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিন সকালে সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।


