বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেধর্মঘট প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান

ধর্মঘট প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান

প্রাইম ভিশন ডেস্ক »

দাবি পূরণে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দাবিগুলো স্পষ্ট, কিন্তু ট্রেন বন্ধ করে যাত্রীদের জিম্মি করা দুঃখজনক।”

তিনি বলেন, “আলোচনার জন্য আমাদের দরজা খোলা আছে। তাদের অধিকাংশ দাবিই পূরণ হয়েছে, বাকিগুলোও পূরণ করা হবে। রেল পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই আমি অনুরোধ জানাচ্ছি, ধর্মঘট বন্ধ করে আলোচনায় বসুন।”

ফাওজুল কবির আরও বলেন, “এককভাবে বিষয়টি সমাধানের এখতিয়ার রেল মন্ত্রণালয়ের নেই। বিষয়টি অর্থ বিভাগের, আলোচনা চলছে। আমরা আত্মবিশ্বাসী যে, শিগগিরই একটি সমাধানে পৌঁছানো যাবে।”

“আমরা তাদের বার বার আলোচনার জন্য ডেকেছি। আমাদের অফিসাররা তাদের কাছে গিয়েছেন, আলোচনা আহ্বান জানিয়েছেন। কিন্তু তারা আসছেন না। আমরা সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়টি সমাধান করতে চাই। তবে তারা যদি যাত্রী হয়রানি করেন, সরকারকে বাধ্য করেন, তাহলে সরকারকে কঠোর হতেই হবে,” যোগ করেন তিনি।

যাত্রীদের সুবিধার্থে বিআরটিসি বাস দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “অনেক যাত্রীদের জরুরিভিত্তিতে যেতে হবে, তারা ব্যাগ নিয়ে চলে এসেছেন। তাদের সুবিধার্থে আমরা স্টেশনে বিআরটিসি-র বাস দিয়েছি। ট্রেনের একই ভাড়ায়, তারা যে গন্তব্যের টিকিট কেটেছেন, সেই গন্তব্য পর্যন্ত যেতে পারবেন এই বাসে করে। ট্রেনের যে রুট আছে, বাসগুলো ঠিক একই রুটে যাবে। তাই যার যেটা গন্তব্য, তিনি সেখানে নামতে পারবেন।”

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়