নন্দনকানন চট্টগ্রাম বৌদ্ধ বিহারে ভারতীয় সহকারী হাই কমিশনার
প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী নন্দনকানন চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অমাবস্যা বর্ষা প্রথম উপোসথ উপলক্ষে আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন।
ভারত ও বাংলাদেশের অভিন্ন বৌদ্ধ ঐতিহ্যের কথা তুলে ধরে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন বলেন, ভারতে বুদ্ধের জন্ম, বুদ্ধের জ্ঞানলাভ, ধর্মোপদেশ ও মহাপরিনির্বাণ ভূমি, আর বাংলাদেশ অতীশ দীপঙ্করের মতো বৌদ্ধ সাধকদের আবাসভূমি। দুই দেশের বন্ধন আরও গভীর করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরো বলেন, গৌতম বুদ্ধের অন্যতম মূল বাণী হচ্ছে অহিংসা ও শান্তি এবং মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। বুদ্ধের দর্শন তাই শুধু বৌদ্ধধর্মাবলম্বীদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্যই গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে মানবজাতির নানা সংকটে বুদ্ধের এ বাণী অত্যন্ত প্রাসঙ্গিক।
বিহারের উপাধ্যক্ষ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রখ্যাত অধ্যাপক ড. জিনবোধি মহাথেরো ভারতে বৌদ্ধ তীর্থ যাত্রীদের ভিসা সহজ করার জন্য হাই কমিশনের দৃষ্টি আকর্ষন করলে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন বলেন, সীমিত আকারে ভারতে তীর্থ ভ্রমণ ভিসা চালু আছে। আপনার বিষয়টি বিশেষ বিবেচনা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
অধ্যাপক ড. জিনবোধি মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে মঙ্গলাচারণ করেন শ্রীমান প্রজ্ঞানীধি শ্রামন,স্বাগত বক্তব্য রাখেন তুষার মুৎসুদ্দী, বক্তব্য রাখেন অনীল বড়ুয়া, সুশীল বড়ুয়া, সুব্রত বড়ুয়া, দীপংকর বড়ুয়া, অজিত বড়ুয়া, অনুভা বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন ইঞ্জিনিয়ার অমল কানিত্ বড়ুয়া, সভা শেষে বৌদ্ধ মন্দির পরিদর্শন করেন এবং আকাশ প্রদীপ উত্তোলন করেন।


