সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে অটোচালক খুনে হাছান মাহমুদ, নওফেলসহ ২৩১ জনের বিরুদ্ধে চার্জশিট

চট্টগ্রামে অটোচালক খুনে হাছান মাহমুদ, নওফেলসহ ২৩১ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নগরের বহদ্দারহাটে গুলিতে অটোরিকশার চালক শহীদুল ইসলাম শহীদ খুনের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২৩১ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। এটি চট্টগ্রামে হওয়া মামলাগুলোর মধ্যে প্রথম দাখিল করা চার্জশিট।

শুক্রবার চার্জশিট দাখিলের তথ্য প্রকাশ পায়। গত ৩০ জুলাই চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হলেও বাদীকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২৫ আগস্ট বাদীর উপস্থিতিতে চার্জশিট গ্রহণের শুনানির দিন ধার্য করেছেন আদালত। চার্জশিটে ১১ জন সাবেক মন্ত্রী-এমপি, সাবেক দুই সিটি মেয়র, ২৬ জন সিটি করপোরেশনের কাউন্সিলর, শীর্ষ সন্ত্রাসী মো. ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি রয়েছেন। অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও কয়েকজন যুবলীগ-ছাত্রলীগের ক্যাডারের নামও রয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের কোর্ট শাখার জিআরও মো. আনিস বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে খুনের মামলাগুলোর মধ্যে এটিই প্রথম দাখিল করা চার্জশিট। ৩০ জুলাই আদালতে জমা দেওয়া হলে বাদীকে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে। ২৫ আগস্ট বাদীর উপস্থিতিতে চার্জশিটের উপর শুনানি অনুষ্ঠিত হবে।

চার্জশিটে অন্য গুরুত্বপূর্ণ অভিযুক্তরা হলেন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র আ জম নাছির উদ্দিন, রেজাউল করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চেওধুরী এম আব্দুল লতিফ, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আবদুস ছালাম, এস এম আর মামুন, নোয়ামান আল মাহমুদ, নুরুল আজিম রনি প্রমুখ। চার্জশিট ১২৮ জনকে সাক্ষী করা হয়েছে। তার মধ্যে ২৮ জন পাবলিক, ৯৯ জন পুলিশ ও ১ জন ডাক্তার রয়েছেন। এসআই মো. ফয়সাল তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন।

জানা যায়, ২০২৪ সালের ৩ আগস্ট সন্ধ্যায় নগরের বহদ্দারহাটে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একাধিক পিস্তল, শটগানসহ ভারী অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন আওয়ামী লীগের কর্মীরা। এর আগে নিউমার্কেট মোড়ে সমাবেশ করে ছাত্র-জনতা মিছিল নিয়ে যাওয়ার পথে ষোলশহর মেয়র গলিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলা চালান। এরপর বহদ্দারহাট মোড়সংলগ্ন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা হয়। ওই সময় গুলিবিদ্ধ হন অটোরিকশাচালক শহীদুল ইসলাম শহীদ। পরে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট শহীদুল ইসলাম হত্যার ঘটনায় নগরের চান্দগাঁও থানায় মামলা করেন তাঁর ভাই শফিকুল ইসলাম।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়