Thursday, June 25, 2026
spot_img
Homeএই মুহুর্তেজাতীয় নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার

জাতীয় নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

জাতীয় নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অস্ত্র উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন উপলক্ষ্যে নয়, সারাবছরই যেন কোনো ধরনের অস্ত্র দেশে ঢুকতে না পারে, সেজন্য পদক্ষেপ নেওয়া হবে। আজও অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনের আগে আমরা আশা করছি প্রায় সব অস্ত্র উদ্ধার করতে পারব।’

নির্বাচনের সময় বিদেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এই ধরনের প্রবণতা রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।’

নির্বাচনকে ঘিরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানো এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না—এমন বক্তব্য নিয়ে তিনি বলেন, ‘এখন দেশ স্বাধীন, সবাই মত প্রকাশ করতে পারে। জনগণই মূল ফ্যাক্টর। যখন জনগণ এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে, তখন এসব নিয়ে কোনো সমস্যা হবে না।’

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। সীমান্ত এলাকার জনগণও অত্যন্ত সচেতন। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি। আল্লাহর ইচ্ছায় ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়