প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম মহানগরী বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলাকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ছাড়া প্রতিবন্ধী অটোরিকশা চালক মো. ইদ্রিসকে গুলির ঘটনায় একজন এবং রাউজানে প্রকাশ্যে গুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মূলহোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব- ৭ এর সহকারী পরিচালক ( মিডিয়া) এ.আর. এম মোজাফ্ফর হোসেন।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে গত বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগরী বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় চট্টগ্রাম ৮ আসনের বিএনপর প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে প্রচার কালে গুলি করা হয়। এতে তিনি গুলিবিদ্ধ হন এবং চট্টগ্রামের ১৮ মামলার আসামি সরোয়ার হোসেন বাবলা গুলিতে নিহত হন।


