বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেটি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য:...

টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি

প্রাইম ভিশন ডেস্ক »

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই ভারতে যেতে হবে, নইলে পয়েন্ট কাটা যাবে—আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এমন কোনো বাধ্যবাধকতা বা নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বলেছে, এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য।

আজ বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানিয়েছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এর আগে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছিল, মঙ্গলবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানায়, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছে।

ক্রিকইনফোর প্রতিবেদনে আরও বলা হয়, আইসিসির পক্ষ থেকে বিসিবিকে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারত সফর করতেই হবে, নয়তো পয়েন্ট হারানোর ঝুঁকি তৈরি হবে।

তবে এ দাবিকে প্রত্যাখ্যান করে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে, বোর্ডকে এই বিষয়ে “আলটিমেটাম” দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে, এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাদের অবস্থানে অটল রয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিসিবি আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক উপায়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে, যাতে একটি সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা সম্ভব হয়।’

উল্লেখ্য, ২০২৬ আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। কিন্তু তার আইপিএল খেলার বিরুদ্ধে গত কিছুদিন ধরে কথা বলে আসছিলেন বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ও নেতা। পরে শনিবার বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, মোস্তাফিজকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ দিয়েছেন তারা। পরে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে এই পেসারকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গত রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বোর্ড।

এ বিষয়ে জানতে চাইলে বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট টিবিএসকে বলেন, ‘আমাদের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছি। তারা যদি আমাদের দলের একজন খেলোয়াড়কেই নিরাপত্তা দিতে না পারে, তবে পুরো দলের নিরাপত্তা তারা কীভাবে নিশ্চিত করবে? এ কারণেই আমরা সেখানে খেলতে যাব না।’

পরবর্তীতে, মোস্তাফিজকে কেকেআর থেকে যৌক্তিক কারণ ছাড়াই বাদ দেওয়ায় বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সকল খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় সরকার। সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়