প্রাইম ভিশন ডেস্ক »
সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের একটি বাস উল্টে অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। এছাড়া নিহত ৩০ বছর বয়সী ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় যাত্রীবাহী জোনাকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় ৭ জনকে চমেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত ৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


