Homeএই মুহুর্তেসঠিক স্প্রে একজন নাগরিককে ডেঙ্গুর ঝুঁকি থেকে রক্ষা করতে পারে

সঠিক স্প্রে একজন নাগরিককে ডেঙ্গুর ঝুঁকি থেকে রক্ষা করতে পারে

প্রাইম ভিশন ডেস্ক

নাগরিকদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও আমাদের।

একটি সঠিক স্প্রে একজন নাগরিককে ডেঙ্গুর ঝুঁকি থেকে রক্ষা করতে পারে—এই বিষয়টি প্রতিটি কর্মীকে মাথায় রাখতে হবে।
নগরে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকর করতে মশক নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য এভাবেই আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী।

চসিকের লাইব্রেরি ভবনের কনফারেন্স রুমে মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) সহযোগিতায় মশক নিয়ন্ত্রণ কর্মীদের তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। ৮ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

এতে চসিকের মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়োজিত ২৩৪ জন মশক ও ফগার কর্মী অংশ নিচ্ছেন।
এমএসএফের দুইজন বিশেষজ্ঞ কীটতত্ত্ববিদ প্রশিক্ষণটি পরিচালনা করছেন।

প্রশিক্ষণে মশার বিভিন্ন প্রজাতি শনাক্তকরণ, জীবনচক্র ও আচরণ, সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও নিয়ন্ত্রণ, সমন্বিত মশক নিয়ন্ত্রণ পদ্ধতি এবং কীটনাশক নিরাপদে সংরক্ষণ, মিশ্রণ ও প্রয়োগের কৌশল শেখানো হচ্ছে। পাশাপাশি মাঠকর্মীদের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আপনারা যেখানে কাজ করবেন, মনে রাখবেন—আপনাদের একটি সঠিক স্প্রে একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দিতে পারে। আমরা এখন ডেঙ্গু নিয়ে বেশি কাজ করছি। মশক নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত কর্মীদের নিজেদের নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমএসএফ চট্টগ্রাম সিটি করপোরেশনকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে। এসব সরঞ্জাম প্রশিক্ষণের পাশাপাশি কর্মীদের মধ্যে বিতরণ করা হবে।

তিনি বলেন, মশক নিয়ন্ত্রণ কর্মীদের দায়িত্ব শুধু নির্ধারিত এলাকায় স্প্রে করা নয়; এর সঙ্গে নগরবাসীর জীবন ও নিরাপত্তার বিষয়টি সরাসরি জড়িত। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না।

প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বলেন, যদি মনে করেন, আমাকে ডিউটি দিয়েছে—মশা মেরে চলে গেলাম, তাহলে ভুল হবে। আপনাদের ওপর অনেক বড় দায়িত্ব রয়েছে। নাগরিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে মশক নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যক্রমের যে অগ্রগতি হয়েছে, আমরা তা ধরে রাখতে চাই। তাঁর দিকনির্দেশনায় আমরা আরও আন্তরিকভাবে কাজ করতে চাই, যাতে চট্টগ্রাম নগরবাসী নিরাপদে থাকতে পারেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়