প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তিরহাটে বাসের ধাক্কায় মো. জিশান (৩০) নামে অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মো. হাসান (৩৮) নামে আরও একজন।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিশান সাতকানিয়া উপজেলার মনির হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে শান্তিরহাট এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয় পূরবী পরিবহনের একটি বাস। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক জিশান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করেছে হাইওয়ে পুলিশ।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।