প্রাইম ভিশন ডেস্ক »
প্রায় ৩০০ বছরের ঐতিহ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। সেই পদুয়া গুপ্তবাড়ি সর্বজনীন পূজামণ্ডপে এবার একসঙ্গে গেলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রামের লোহাগাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা দেখতে মণ্ডপটি পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম।
এ সময় তাঁরা পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পদুয়া বাজার থেকে প্রায় ৪০০ মিটার পূর্বে অবস্থিত গুপ্তবাড়ি পূজামণ্ডপ।
স্থানীয়রা জানান, প্রায় তিন শতাব্দী ধরে এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তারা মণ্ডপটি পরিদর্শন করলেও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের একসঙ্গে আসার ঘটনা তাঁদের জানা নেই।
পদুয়া গুপ্তবাড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি অতনু গুপ্ত ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত বলেন, জেলার শীর্ষ দুই কর্মকর্তার একসঙ্গে মণ্ডপ পরিদর্শনে তাঁরা আনন্দিত ও আশ্বস্ত। এতে প্রশাসনের প্রতি তাঁদের আস্থা আরও বেড়েছে। পূজা ঘিরে তাঁরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দুর্গাপূজার প্রস্তুতি সরেজমিনে দেখতে জেলা প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করা হচ্ছে। মণ্ডপগুলোর প্রস্তুতি, আয়োজকদের পরিকল্পনা, সম্ভাব্য সমস্যা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব বণ্টনের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।
গুপ্তবাড়ি পূজামণ্ডপের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, মণ্ডপের কাজ প্রায় শেষ। আয়োজকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখে ভালো লেগেছে। তাঁদের সার্বিক আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এর আগে লোহাগাড়া উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, শারদীয় দুর্গোৎসব দীর্ঘদিনের ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবকে ঘিরে গড়ে ওঠা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের পেছনে রয়েছে বহু প্রজন্মের ত্যাগ।
তিনি বলেন, ‘আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অহংকার। আমরা নিশ্চয়ই চাই না, বিশ্বের কাছে আমাদের এই গৌরবময় ঐতিহ্য কোনোভাবে খাটো হয়ে যাক।’
উৎসবের আনন্দ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান জেলা প্রশাসক।
তিনি বলেন, এ বছর পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। দর্শনার্থীর উপস্থিতিও বাড়তে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার মণ্ডপগুলোর জন্য সহায়তা বাড়িয়েছে। একই সঙ্গে প্রশাসনের দায়িত্বও বেড়েছে।
প্রতিমা মণ্ডপে আনা থেকে শুরু করে বিজয়া দশমীর বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের পালাক্রমে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। কোনো সময় যেন মণ্ডপ নজরদারির বাইরে না থাকে, সে বিষয়েও সতর্ক করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, উৎসবের আনন্দ যেন কোনোভাবেই বিষাদে পরিণত না হয়।
লোহাগাড়ায় ৭০টি সর্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রস্তুতি প্রায় শেষ বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে স্থায়ী পুলিশি দায়িত্বের পাশাপাশি ভ্রাম্যমাণ টহল, সাদা পোশাকে নজরদারি ও ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে।
দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচারকে অন্যতম উদ্বেগ হিসেবে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, এসব প্রতিরোধে জেলা পুলিশের সাইবার ইউনিটের পাশাপাশি কেন্দ্রীয় সাইবার ইউনিটও কাজ করবে। জেলা ও উপজেলা প্রশাসন এবং পূজা উদ্যাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে দ্রুত সঠিক তথ্য প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।
পূজা চলাকালে মাদকসংশ্লিষ্ট অপরাধ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতেও বাড়তি নজরদারি থাকবে বলে জানান তিনি। এ ছাড়া লোহাগাড়ার পাহাড়ি এলাকায় সক্রিয় অপরাধী চক্রের বিরুদ্ধে শিগগিরই বড় অভিযান চালানোর কথা জানান পুলিশ সুপার।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন এবং লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
এ ছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পূজা উদ্যাপন পরিষদের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসক উপজেলার দুটি এতিমখানার শিশুদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পদুয়া গুপ্তবাড়ি ছাড়াও পদুয়া হিন্দু বড়পাড়া বাসুদেববাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
গুপ্তবাড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি অতনু গুপ্ত ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত আশা প্রকাশ করেন, প্রশাসনের তৎপরতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এবং স্থানীয় মানুষের সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।


