আজ বিকালে পৌরসভার বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যানজট সৃষ্টির কারণে অবৈধ পার্কিং ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ১৩ সিএনজি চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আলোকে ১৩টি মামলায় মোট ২৯,৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া যানজট নিরসন পৌরসভার ৩ টি পয়েন্টে ৪ জন তদারক নিয়োগ করা হয়। বাসস্ট্যান্ড গোলচত্বরের রাঙ্গামাটি মহাসড়ক অংশে ১ জন, খাগড়াছড়ি মহাসড়ক অংশে ১ জন, ত্রিবেণী মোড় এলাকায় ১ জন, জাগৃতি তথা কলেজ গেইট মোড়ে ১ জন তদারক নিয়োগ করা হয়। তারা এই পয়েন্টগুলোতে হাটহাজারীর ট্রাফিক বিভাগকে সহযোগিতা প্রদান করবে। বিশেষ করে এ সকল স্থানে যেকোন ধরনের পরিবহন যেন যানজট সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে কাজ করবে।
অভিযানের অংশ হিসেবে কাচারি সড়কে দোকানের সামনে নির্মিত বেশ কয়েকটি স্থাপনা ও বর্ধিত অংশ উঠিয়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার একটি ফোর্স।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের পক্ষ থেকে সবধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। এ বিষয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।


