প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ তেলসহ একটি ওয়েল ট্যাংকার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২৯ মে) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এই তথ্য জানান।
কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, একটি চক্র অবৈধ জলযানের মাধ্যমে চট্টগ্রাম বহির্নোঙ্গরে অবস্থানরত বিভিন্ন বাণিজ্যিক জাহাজ থেকে বিভিন্ন সময়ে অবৈধভাবে তেল চুরি করে আসছিল। এই চক্রকে আটকের জন্য নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আসছিল কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ আসে যে, চট্টগ্রাম বহির্নোঙ্গর এলাকা থেকে একটি ওয়েল ট্যাংকার অবৈধ চোরাই তেলসহ কর্ণফুলী চ্যানেলে প্রবেশ করবে।
এমন সংবাদের ভিত্তিতে সোমবার কোস্ট গার্ডের জাহাজ পোর্টে গ্র্যান্ডে সন্দেহজনক একটি ওয়েল ট্যাংকারকে থামার নির্দেশ দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্যাংকারটি দ্রুত কর্ণফুলী নদীর চ্যানেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিসিজিএস পোর্টে গ্র্যান্ডে ওয়েল ট্যাংকারটি ধরতে ধাওয়া অব্যাহত রাখে এবং পরে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম থেকে একটি সেকশন মেটাল শার্ক যোগে পতেঙ্গাস্থ ১২নং ঘাট সংলগ্ন এলাকায় এমভি ওয়াটার পাওয়ার নামক ওয়েল ট্যাংকারটি জব্দ করতে সক্ষয় হয়।
আব্দুর রহমান জানান, এসময় ট্যাংকারে থাকা ক্রুরা ট্যাংকারটি তীরের কাছাকাছি রেখে দ্রুত লাফ দিয়ে পালিয়ে যায়। ওই ওয়েল ট্যাংকারটি তল্লাশি চালিয়ে ৩০ ব্যারেল তেল (৭ ব্যারেল ডিজেল, ২৩ ব্যারেল কালো তেল) জব্দ করা হয়। জব্দকৃত ওয়েল ট্যাংকার ও অবৈধ তেলের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়।


