Saturday, June 27, 2026
spot_img
Homeমুল পাতাশাহ আমানতে দুই যাত্রীর ব্যাগে মিলল ৭১৬ গ্রাম স্বর্ণ

শাহ আমানতে দুই যাত্রীর ব্যাগে মিলল ৭১৬ গ্রাম স্বর্ণ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ও শারজাহ থেকে আসা পৃথক দুই যাত্রীর কাছ থেকে প্রায় ৭১৬ গ্রাম স্বর্ণ জব্দের কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা জানান, জব্দ হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ টাকা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ  এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বর্ণগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকাল ৮টায় ফ্লাই দুবাই এয়ারলাইন্সের এফজেড-৫৬৩ ফ্লাইটে করে দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে নামেন কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা প্রবাসী আব্দুর রহিম। আচরণ সন্দেহজনক হওয়ায় কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার হাত ব্যাগ ও ব্যাগেজ তল্লাশি করে ১০০ গ্রাম স্বর্ণালংকার, ৩৯৩ গ্রাম ওজনের পাত ও দন্ডাকৃতির স্বর্ণ পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৭ হাজার টাকা।

অপরদিকে একই দিন বিকেল চারটায় এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে করে শারজাহ থেকে আসেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা প্রবাসী মোহাম্মদ আতিকুল্লা। আগে থেকে গোপন সংবাদ থাকায় শাহ আমানত বিমানবন্দরে আসার পর এনএসআই সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তার সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে ২২৩ গ্রামের বিয়ারিং আকৃতির দুই পিস স্বর্ণ পাওয়া যায়।

কর্মকর্তারা জানান, সেগুলো তিনি ব্যাগেজের ভেতর একটি সিলিকন গ্লু হিটার মেশিনের লোহার পাতের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে এনেছিলেন। এ র্স্বণের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ১৪ হাজার টাকা।

এ বিষয়ে জানতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়