প্রাইম ভিশন ডেস্ক »
ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি দ্বিতীয় সন্তানের পিতা হয়েছেন। কোহলি এবং তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ঘর আলোকিত করে এসেছে একটি পুত্র সন্তান। নিজের ইন্সটাগ্রামে দেয়া এক পোস্টে কোহলি নিজেই এই খবর জানিয়েছেন।
ইন্সটাগ্রামে দেয়া এক পোস্টে কোহলি জানিয়েছেন, গত ১৫ ফেব্রুয়ারী তিনি পুত্র সন্তানের পিতা হয়েছেন।
ইন্সটাগ্রামে কোহলি বলেন, পরম আনন্দ এবং ভালোবাসার সাথে জানাচ্ছি যে, গত ১৫ ফেব্রুয়ারী আমরা আমাদের পুত্র সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি।
কোহলি আরও বলেন, জীবনের আনন্দে আতিশয্যপূর্ণ এই সময়ে আমরা আপনাদের সকলের আশীর্বাদ এবং শুভকামনা প্রত্যাশা করছি। সেই সাথে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকারও অনুরোধ করছি।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চলমান টেস্ট সিরিজে খেলছেন না কোহলি। তিনি কেন খেলছেন না তা না জানালেও ধারণা করা হচ্ছিল দ্বিতীয় সন্তানের পিতা হতে চলেছেন তিনি। অবশেষে সেই ধারণাই সত্যি হল।


