প্রাইম ভিশন ডেস্ক »
কক্সবাজারের পেকুয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। গতকাল রবিবার (২৯ জুন) রাতে পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে বানৌজা সাবমেরিন ঘাঁটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আওয়ামী লীগ নেতার নাম নাছির উদ্দিন (৫০)। তিনি পেকুয়া সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ভোলাইয়াঘোনা এলাকার মৃত জাফর আহমদের ছেলে এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাছির উদ্দিন হেঁটে পেকুয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় মগনামামুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ এখনো চমেক হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


