প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় পিএসবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. আলী আব্বাস (২৮)। তিনি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝিওরী গ্রামের গোলাম শরীফের বাড়ির মো. মুছার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে আব্বাস মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহর থেকে আনোয়ারার দিকে যাচ্ছিলেন। পথে পিএসবি সড়কের দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কর্ণফুলী থানার ওসি শাহিনুর জামান বলেন, ‘খবর পেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’


