প্রাইম ভিশন ডেস্ক »
গত ঈদে ‘ইনসাফ’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন তিনি। সিনেমায় তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও শরিফুল রাজ। প্রথম এ বাণিজ্যিক সিনেমা দিয়ে আলোচনায় আসেন ফারিণ। অভিনয় ও উপস্থিতি দিয়ে দর্শকমহলে আলাদা করে নজর কাড়েন তিনি।
এদিকে গত এক বছরে একটি মাত্র সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে কাজ করেছেন ফারিণ। তাও আবার শাকিব খানের সঙ্গে। গত বছরের শেষের দিকে ‘প্রিন্স’ নামের এ সিনেমার কাজ শুরু হয়। বড় বাজেট ও বিশাল আয়োজনে নির্মিত এ সিনেমার গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়েছে শ্রীলংকায়। সেখানকার মনোরম লোকেশনে এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন ফারিণ।
‘প্রিন্স’ নির্মাণ করছেন ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ। বড় আয়োজনের এ সিনেমায় থাকছে নানা চমক। তবে সেগুলো কিছুই এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। আসছে ঈদের অন্যতম বড় সিনেমা হিসেবেই মুক্তি পেতে যাচ্ছে শাকিব-ফারিণের ‘প্রিন্স’।
এদিকে ফারিণ সিনেমার টানা শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এটি পরিপূর্ণ একটি সিনেমা। এমন গল্পের ও নির্মাণের সিনেমা এর আগে দেশে হয়নি। সিনেমার পরতে পরতে চমক রাখার চেষ্টা করা হয়েছে। “ইনসাফ”-এর পর “প্রিন্স”-এর মতো সিনেমায় শাকিব খানের সঙ্গে আমার অভিষেক হচ্ছে। এটা আমার জন্যও বড় একটি পাওয়া।’ ফারিণ আরো বলেন, ‘শাকিব খান সম্পর্কে বলার কিছু নেই। তার তুলনা শুধু তিনিই। অত্যন্ত কো-অপারেটিভ তিনি। ঈদে সিনেমাটি দর্শকরা দারুণ উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস।’


