প্রাইম ভিশন ডেস্ক »
শিশু-কিশোরদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে ফুলকির আয়োজনে দুই দিনব্যাপী ‘৮ম জামাল নজরুল শিশু-কিশোর বিজ্ঞান উৎসব ২০২৬’ শুরু হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকালে নগরের নন্দনকাননস্থ ফুলকি ট্রাস্ট প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. শাহাদত হোসেন, ড. আদনান মান্নান ও ড. সুমিত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন ফুলকি ট্রাস্টের সভাপতি আবুল মোমেন, সম্পাদক ওমর কায়সার এবং ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের স্মরণে আয়োজিত এ উৎসবে বিজ্ঞানভিত্তিক কর্মশালা, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন রয়েছে। ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ২০টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীতে স্থান পেয়েছে।
দুই দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিন রোববার (৮ মার্চ) শিক্ষক সেমিনারসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।


