প্রাইম ভিশন ডেস্ক »
হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি লম্বা দা সহ ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- নতুনপাড়া এলাকার আরিফুল হক বাদশা (১৯), আমান বাজার এলাকার মো. ফয়সাল ইসলাম জিহাদ (১৭), নতুনপাড়া এলাকার মো. ওয়দুল জামান রাকিব (১৬) এবং একই এলাকার মো. হাসান মুরাদ (১৮)।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হাটহাজারী ও আশপাশের এলাকায় গার্মেন্টস কর্মী এবং পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে তাদের শনাক্ত করা হয়।
ওই ৪ জন পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে নতুনপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার এবং পাঁচটি দা উদ্ধার করা হয়।
ঘটনার পর উত্তেজিত জনতা আটক ব্যক্তিদের মারধর করার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় উদ্ধার হওয়া অস্ত্র জব্দ করা হয়।
হাটহাজারী মডেল থানার এসআই মো. নাজমুল জানান, আটক ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে।


