Homeমুল পাতা৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদানের সুপারিশ ডব্লিউএইচওর

৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদানের সুপারিশ ডব্লিউএইচওর

প্রাইম ভিশন ডেস্ক »

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) টিকা বিশেষজ্ঞরা ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের নিয়মিত হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে দেশগুলোর প্রতি সুপারিশ করেছেন। তবে এর মাধ্যমে টিকা গ্রহণের হার ও কভারেজ বাড়ার সম্ভাবনা থাকতে হবে।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদানবিষয়ক কৌশলগত উপদেষ্টা দলের (এসএজিই) প্রধান অ্যান্থনি স্কট এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্বের প্রায় ১৬৫টি দেশ ইতিমধ্যে এইচপিভি টিকাদান কর্মসূচি চালু করেছে। তবে বিশ্বজুড়ে এই টিকা গ্রহণের হার মাত্র ৩৩ শতাংশ, যা সংস্থাটির ৯০ শতাংশ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম।

ডব্লিউএইচওর মতে, ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকা দেওয়া এখনো অগ্রাধিকার। ২০২২ সালে এসএজিই এই বয়সী মেয়েদের জন্য এক বা দুই ডোজ টিকার সুপারিশ করেছিল। একই সময়সূচি ১৫ থেকে ২০ বছর বয়সী তরুণীদের জন্যও প্রযোজ্য ছিল। আর ২১ বছরের বেশি বয়সী নারীদের ছয় মাসের ব্যবধানে দুই ডোজ টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

সর্বশেষ তথ্য-উপাত্ত পর্যালোচনার পর এসএজিই সিদ্ধান্তে পৌঁছেছে, ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের জন্য এক ডোজের টিকা কর্মসূচি বিশ্বব্যাপী লক্ষ্যমাত্রা অর্জনের সবচেয়ে কার্যকর উপায়। স্কট বলেন, কোনো দেশে ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের নিয়মিত টিকা দেওয়ার মাধ্যমে টিকা গ্রহণের হার ও কভারেজ বাড়ানো সম্ভব হলে দেশটি এ বয়সীদেরও কর্মসূচির আওতায় আনার বিষয়টি বিবেচনা করতে পারে।

এইচপিভির দীর্ঘস্থায়ী সংক্রমণ জরায়ুমুখের ক্যানসারের অন্যতম কারণ। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে জরায়ুমুখের ক্যানসারে প্রায় ৬ লাখ ৪ হাজার নারী নতুন করে আক্রান্ত হন। এ রোগে মারা যান প্রায় ২ লাখ ৮০ হাজার নারী। বিশ্বে নারীদের মধ্যে শনাক্ত হওয়া ক্যানসারের মধ্যে এটি পঞ্চম সর্বাধিক।

ডব্লিউএইচওর টিকা বিভাগের প্রধান কেট ও’ব্রায়েন জানান, ২০২৫ সালের শেষ নাগাদ ৯ কোটি ৫০ লাখের বেশি মেয়ে এইচপিভি টিকা পেয়েছে।

এসএজিই আরও সুপারিশ করেছে, অগ্রাধিকারের ভিত্তিতে এইচপিভি টিকাদান কর্মসূচি সম্প্রসারণ করা যেতে পারে। এর মধ্যে রয়েছে ২৫ বছর বয়স পর্যন্ত নারীদের নির্ধারিত সময়ে টিকা নিতে না পারলে পরে টিকা দেওয়ার ব্যবস্থা, এরপর ৩০ বছর বয়স পর্যন্ত নারীদের টিকাদান এবং ৯ থেকে ১৪ বছর বয়সী ছেলেদের নিয়মিত টিকা দেওয়া। এ ছাড়া ২০ বছর বয়স পর্যন্ত পুরুষদের জন্যও বাদ পড়া টিকা গ্রহণকারীদের টিকাদানের সুপারিশ করা হয়েছে।

২০২৫ সাল নাগাদ এইচপিভির আটটি টিকা অনুমোদন পেয়েছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, বিশ্বের ২৬টি দেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ জরায়ুমুখের ক্যানসার। এসব দেশের বেশির ভাগ সাব-সাহারা আফ্রিকায় অবস্থিত। এ ছাড়া দক্ষিণ ও মধ্য আমেরিকা, মেলানেশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশেও এ রোগ নারীদের ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়