Homeসংবাদতিন বিভাগে বৃষ্টির আভাস

তিন বিভাগে বৃষ্টির আভাস

প্রাইম ভিশন ডেস্ক »

বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে অন্য জেলাগুলোতে যে তীব্র দাবদাহ চলছে, সেটি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সোমবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার জন্য যে পূর্বাভাস দিয়েছে সেখানে এমন আভাস দিয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গপোসাগরে অবস্থান করছে।

সংস্থাটি জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা শুষ্ক ও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

অধিদপ্তর তাদের বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে বলা হয়, তীব্র দাবদাহ।

এই তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টা সময়ের শেষ দিকে দিনের তাপমাত্রা কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সকাল ৬টার সময় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। বৃষ্টি হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়