প্রাইম ভিশন ডেস্ক »
ফরিদপুরের ভাঙ্গায় অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে সিলিন্ডার বিস্ফোরণে একটি মাইক্রোতে আগুন ধরে গেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন।
শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ভাঙ্গার মালিগ্রাম বাজারসংলগ্ন অ্যাপ্রোচ সড়কে এ ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের সংখ্যা বাড়তে পারে।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, খুলনার দিক থেকে ছেড়ে আসা একটি মাইক্রো ঢাকার দিকে যাচ্ছিল। ভাঙ্গার মালিগ্রাম বাজারসংলগ্ন অ্যাপ্রোচ সড়কে উঠলে মাইক্রোটির একটি চাকা ব্লাস্ট হয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মাইক্রোটিতে আগুন ধরে যায়।
আগুনে পুরো মাইক্রোটি পুড়ে গেছে জানিয়ে ওসি বলেন, সাতজনের মতো মরদেহ উদ্ধার করা হয়েছে।
তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আগুনে কতজনের মৃত্যু হয়েছে, উদ্ধার কাজ শেষ হলে তা জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
মাইক্রোর আগুনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, অ্যাম্বুলেন্সে দাউ দাউ করে আগুন জ্বলছে। আহাজারি করছেন আশেপাশের লোকজন।


