প্রাইম ভিশন ডেস্ক »
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচন চায় না, বরং বিরোধী দল দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।
তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে। বিএনপি জানে যে জনগণ তাদের ভোট দেবে না। ভোট কারচুপির কারণে যারা বিতাড়িত, জনগণ কেন তাদের ভোট দিতে যাবে? তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।’
মঙ্গলবার প্রধানমন্ত্রী ইতালির রাজধানী রোমে তার আবাসস্থলে আয়োজিত এক কমিউনিটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অগ্নিসংযোগের মাধ্যমে মানুষ হত্যার পর বিএনপি কীভাবে ভোট চাইতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, ‘তারা নির্বাচন চায় না। তারা তাদের কিছু বিদেশি প্রভুর পা চাটে এবং তারা চায় দেশের মানুষ তাদের (বিদেশি প্রভুদের) দ্বারা কষ্টভোগ করুক। তারা দেশ ও জনগণের চলমান উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চায়।’


