প্রাইম ভিশন ডেস্ক »
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ হাজার ২৩৬ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩৭ জন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৮৩৩ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১ হাজার ১২৭ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৩ হাজার ৮৪৬ জন ঢাকার এবং ৪ হাজার ৩৯০ জন ঢাকার বাইরে।
দেশে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ১২ হাজার ১৮৪ জন। তাদের ৫৩ হাজার ৪৮৯ জন ঢাকায় এবং ৫৮ হাজার ৬৯৫ জন ঢাকার বাইরে।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
গত ২৫ আগস্ট ৭ মাস বছর বয়সী লাবিব এবং গত ১৯ আগস্ট ৫ বছর বয়সী জাহিদ নামে দুই শিশু চমেক হাসপাতালে ভর্তি হন ডেঙ্গু উপসর্গ নিয়ে। এদের মধ্যে লাবিব শনিবার (২৬ আগস্ট) দুপুরে এবং জাহিদ (শুক্রবার) ২৫ আগস্ট সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
দুই জনেরই এক্সপান্ডেট ডেঙ্গু সিনড্রোম জটিলতা ছিল বলে জানিয়েছে চিকিৎসকরা।
এনিয়ে এ বছর মোট ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫২ জন। এর মধ্যে ২১ জনই শিশু।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৮৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন চিকিৎসাধীন রয়েছে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ২১৭ জন।


