Sunday, June 28, 2026
spot_img
Homeসংবাদভোটারদের আতঙ্কে থাকার অভিযোগ পেলে প্রমাণ ছাড়াই ব্যবস্থা: ইসি রাশেদা

ভোটারদের আতঙ্কে থাকার অভিযোগ পেলে প্রমাণ ছাড়াই ব্যবস্থা: ইসি রাশেদা

প্রাইম ভিশন ডেস্ক »

কোনো ভোটার যদি আতঙ্কে থাকার অভিযোগ করেন তাহলে প্রমাণ ছাড়াই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, কোনো ভোটার যদি বলেন তিনি আতঙ্কে রয়েছেন, তাকে বাধা সৃষ্টি করা হয়েছে, তাহলে কোনো প্রমাণ বা সাক্ষী লাগবে না। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। ভোটাররা নির্দ্বিধায় ভোটকেন্দ্রে আসবেন এবং তারা যাকে খুশি ভোট দেবেন। সে জন্য নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর জেলা প্রশাসনের হলরুমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেছেন, প্রার্থীদের আচরণবিধি ভঙ্গে মনিটরিং জোরদার করা হচ্ছে। প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক প্রার্থীদের শোকজ করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, আমরা সকলকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন করতে চাই। যাতে প্রার্থীরা নির্দ্বিধায় ভোট কেন্দ্রে আসতে পারেন, সেজন্য নির্বাচন কমিশন কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, যাতে পরিবেশটা বিঘ্ন না হয়। পরিবেশটা সুন্দর হয়। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীদের নির্দ্বিধায় ভোট দিতে পারেন। আমি ভোটারদের বলবে, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসবেন। এবং আপনার পচ্ছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

রাশেদা সুলতানা আরও বলেন, কোনো ভোটারকে যদি কেউ তার বাড়িতে, বাইরে, ভোট কেন্দ্রে বাধা বা হুকমি, ভয়-ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে সে ব্যক্তি অপরাধী হিসেবে চিহ্নিত হবে এবং তার শাস্তি হবে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে। ভোটের মাঠে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। তাদের সামনে কোনো প্রকার অপরাধ সংঘটিত হলে তারা তদন্ত করে রিপোর্ট কমিশনে পাঠাবেন। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে অনেক প্রার্থীদের তাদের আচরণবিধি ভঙ্গের কারণে শোকজ করা হয়েছে। যদি ভঙ্গের সত্যতা পায় তাহলে কমিশন সেই প্রার্থীর প্রার্থিতা বাতিলও করতে পারেন।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়