প্রাইম ভিশন ডেস্ক »
অনিবন্ধিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।
তিনি বলেছেন, লাইসেন্স ছাড়া হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোকে নিজেদেরই বন্ধ করতে হবে। নয়তো কঠিন পদক্ষেপ নেবে সরকার।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রী জীবনের তৃতীয় দিন সাংবাদিকদের এসব কথা জানালেন সামন্ত লাল সেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রবিবার (১৪ জানুয়ারি) প্রথম অফিস করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনই এ বিষয়ে ছাড় দেব না। ইতোমধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে, তেমনি অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেওয়া হবে না।’
আয়ানের মৃত্যুর বিষয়েও স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আয়ানের মৃত্যুর ঘটনায় কমিটির প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা তো হবেই। তবে এরকম কার্যক্রম সমর্থনযোগ্য না।’
তিনি বলেন, ‘শিশু আয়ানের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। তার মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যতটুকু জানি আগামীকালই আয়ানের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। চিকিৎসায় যদি কোনো অবহেলা থাকে তাহলে কোনো ছাড় দেওয়া হবে না।’
এর আগে আয়ান হত্যার সুষ্ঠু বিচারের দাবিসহ চার দফা দাবি নিয়ে সকালে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন আয়ানের বাবা শামীম আহমেদ ও তার পরিবার। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আয়ানের বাবা তার ছেলের মৃত্যুর ঘটনার বর্ণনা দেন।
স্বাস্থ্যমন্ত্রীর পাশে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদুল কবীর বলেন, ‘অনিবন্ধিতদের নিবন্ধনের আওতায় আনা এবং বন্ধের অভিযান শিগগিরই শুরু হবে।’
তিনি বলেন, ‘ইউনাইটেড হেলথ সার্ভিস কর্তৃপক্ষকে লাইসেন্স নিতেই হবে। সব মিলে প্রায় ৮ হাজার হাসপাতাল, ৯ হাজার ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধিত রয়েছে। বড় হাসপাতাল বলে কোনো ছাড় নয়।’


