বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
spot_img
Homeসংবাদআমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত, যুদ্ধ কখন শেষ করবে জানালো যুক্তরাষ্ট্র

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত, যুদ্ধ কখন শেষ করবে জানালো যুক্তরাষ্ট্র

প্রাইম ভিশন ডেস্ক »

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আজ (১ এপ্রিল) ৩৩তম দিন। হামলার প্রথম দিন গত ২৮ ফেব্রুয়ারিতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা নিহত হন। এর জবাবে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরান। দেশটি ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন শহরেও হামলা হচ্ছে। এতে সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে।

মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের লোরেস্তান প্রদেশে একটি মার্কিন তৈরি ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির পুলিশ।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খোররামাবাদ শহরের আকাশে উড়ন্ত ওই ড্রোনটি শনাক্ত করার পর তা গুলি করে নামানো হয়।

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কাতারের উপকূলে তেলবাহী ট্যাংকারে আঘাত করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয়

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র কাতারকে লক্ষ্য করে ছোড়া হয়, যার মধ্যে একটি তেলবাহী ট্যাংকারে আঘাত হানে।

এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, তারা দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবে তৃতীয়টি কাতারএনার্জির লিজ নেওয়া একটি ট্যাংকারে আঘাত করে।

ট্যাংকারটির ২১ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, আরও উত্তেজনা বৃদ্ধির হুঁশিয়ারি

ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা দক্ষিণ ইসরায়েলের ‘সংবেদনশীল লক্ষ্যবস্তুতে’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এ অভিযানটি ইরান ও হিজবুল্লাহর সঙ্গে ‘যৌথভাবে পরিচালিত’ হয়েছে।

হুথি-সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ইসরায়েলের ‘লেবানন, ইরান, ইরাক ও ফিলিস্তিনে আগ্রাসন, অপরাধ ও হামলা’ তাদেরকে আরও সামরিক উত্তেজনা বৃদ্ধির দিকে ঠেলে দেবে।

ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি জানানোর প্রায় তিন ঘণ্টা পর এই বিবৃতি প্রকাশ করা হয়।

যুদ্ধে ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬,২৮৬: স্বাস্থ্য মন্ত্রণালয়

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এর মধ্যে মধ্য ইসরায়েলের সর্বশেষ হতাহতের ঘটনা অন্তর্ভুক্ত নয়।

এতে করে চলমান যুদ্ধে দেশটিতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬,২৮৬ জনে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এদের মধ্যে বর্তমানে ১০০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে একটি ড্রোন আকাশেই ধ্বংস করার সময় সেটির ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থা ওয়ামের প্রতিবেদনে জানানো হয়েছে, ফুজাইরার আল রিফা এলাকার একটি খামারে ড্রোনটি ভূপাতিত করার সময় সেটির কিছু অংশ নিচে পড়ে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সেখানে কর্মরত ওই বাংলাদেশি ব্যক্তি প্রাণ হারান।

তবে নিহতের নাম বা পরিচয় এখন পর্যন্ত বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ৩

ইসরায়েলে নতুন করে একঝাঁক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় তেল আবিবের কাছে বনেই ব্রাক শহরে ১১ বছরের এক শিশুসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টার ঠিক আগে ইরান থেকে ছোঁড়া এক নতুন দফার ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।

তেল আবিবে ক্ষতিগ্রস্ত সড়ক। ছবি: রয়টার্স
দেশটির জরুরি সেবা সংস্থা ‘ম্যাজেন ডেভিড অ্যাডম’ (এমডিএ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবরের পর তাদের উদ্ধারকারী দলগুলো দ্রুত বিভিন্ন স্থানে কাজ শুরু করেছে।

এমডিএ-র তথ্যমতে, তেল আবিবের পূর্বাঞ্চলীয় শহর বনেই ব্রাকে আহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়ে শিশুর অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’।

মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ নিয়ে উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই ইউরোপের কয়েকটি দেশ মার্কিন সামরিক অভিযানে সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

গত মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, স্পেনের পরে এবার ফ্রান্স ও ইতালি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার বিরুদ্ধে আপত্তি তুলেছে।

মাসব্যাপী চলা এই যুদ্ধে সহায়তা করছে না বলে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোকে ‘কাপুরুষ’ বলে তীব্র আক্রমণ করেছেন। এর মাধ্যমে জোটের ভেতরের ফাটল প্রকাশ্যে উঠে এসেছে।

বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ কমিশন-এর সদর দফতরের বাইরে ইউরোপীয় ইউনিয়ন-এর উড্ডীয়মান পতাকা। ১৯ সেপ্টেম্বর, ২০১৯। ছবি: রয়টার্স
মঙ্গলবার তিনি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সহায়তা না করা দেশগুলোর সমালোচনা করেন।

ফ্রান্সের নাম উল্লেখ করে ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, “ফ্রান্স নামের দেশটি ইসরায়েলের উদ্দেশ্যে সামরিক সরঞ্জামবাহী বিমানগুলোকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। ‘ইরানের কসাই’-এর বিষয়ে ফ্রান্স খুবই অসহায় ভূমিকা পালন করেছে, যাকে সফলভাবে নির্মূল করা হয়েছে! যুক্তরাষ্ট্র এটি মনে রাখবে!!!”

ইরান যুদ্ধ শেষ করার আগে হরমুজ খোলার প্রতিশ্রুতি দিতে পারছে না ট্রাম্প প্রশাসন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন ক্রমেই মনে করছে, ইরান যুদ্ধে ‘মিশন অ্যাকমপ্লিশড’ বা লক্ষ্য অর্জনের ঘোষণা দেওয়ার আগে তারা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবে না। এই আলোচনার সাথে পরিচিত সূত্রগুলো সিএনএন-কে এমনটাই জানিয়েছে।

হোয়াইট হাউসের ভেতরে অনেক শীর্ষ কর্মকর্তা স্বীকার করেছেন, তেহরানের নিয়ন্ত্রিত এই তেলের নৌপথটি পুনরায় সচল করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য। এটি কেবল যুদ্ধ শেষ করার জন্যই নয়, বরং তেলের আকাশচুম্বী দাম কমানোর জন্যও জরুরি। কারণ এই মূল্যবৃদ্ধি ইতোমধ্যেই নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের জন্য একটি বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে উঠছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়